দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে একটি বাগানের এক হাজার থেকে এক হাজার ২০০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানমালিক হাফেজ আলমগীর হোসেন।
রোববার (২২ নভেম্বর) উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের খড়িয়া কাজিরচর গ্রামে বাগানটি ঘুরে দেখা যায়, বেশির ভাগ গাছের মাজা কেটে দেওয়া হয়েছে। আবার কোনো কোনো গাছের কলার কাঁধির ওপরের অংশ কেটে ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিনের পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলো ফলন দেওয়ার আগেই নষ্ট হয়ে যাওয়ায় বাগানটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে এভাবে একটি বাগানের শত শত কলাগাছ কেটে ফেলার ঘটনা দুঃখজনক। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগানটি মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাগানমালিক হাফেজ আলমগীর হোসেন বলেন, পরিবারের সঞ্চিত অর্থ দিয়ে বাগানটি গড়ে তুলেছেন তিনি। ১৫৫ শতাংশ জমিতে তার প্রায় দুই হাজার কলাগাছ রয়েছে। এর মধ্যে দুর্বৃত্তরা এক হাজার থেকে এক হাজার ২০০টি গাছ কেটে ফেলেছে। কোনো গাছের মাজা, আবার কোনো গাছের কলার কাঁধির ওপরের অংশ কেটে দেওয়া হয়েছে।
তিনি বলেন, তার ভাই নুর হোসেন বাগানটি দেখাশোনা করতেন। শনিবার তিনি ঢাকায় যাওয়ার পর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে একটি মধ্যবিত্ত পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে। একজন কৃষি উদ্যোক্তা হিসেবে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কৃষি বিভাগের উপপরিচালকের সহযোগিতা চান তিনি।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হেলাল বলেন, বিষয়টি উপজেলা ও জেলা কৃষি কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি নিয়মিত বাগানটি পরিদর্শন করে পরামর্শ দিতেন। এ ঘটনায় বাগানটির ব্যাপক ক্ষতি হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে আই